হুমকি বা নিষেধাজ্ঞা দিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি থামানো যাবে না বলে জানিয়েছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) প্রধান কমান্ডার আহমাদ ওয়াহিদি। ‘অ্যারোস্পেস ডে’ বা মহাকাশ দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এই অবস্থান তুলে ধরেন।
ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, আইআরজিসি প্রধান হাসান তেহরানি মোগাদ্দামের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। মোগাদ্দামকে মূলত ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচনা করা হয়।
আইআরজিসির মহাকাশ বাহিনীর সদস্যদের উদ্দেশে আহমাদ ওয়াহিদি বলেন, আজ আপনারা সেই একই মানসিকতা নিয়ে পাহাড়ের কেন্দ্রে এবং মাটির অনেক গভীরে দেশের জন্য সামরিক শক্তি তৈরি করছেন।
তিনি আরও বলেন, শত্রুদের জেনে রাখা উচিত, হুমকি বা নিষেধাজ্ঞা দিয়ে শহীদ তেহরানি মোগাদ্দামের পথ থামানো যাবে না। রক্ত ও বিশ্বাসের মধ্য দিয়ে এই পথচলা অব্যাহত থাকবে।
বার্তায় আইআরজিসির সাবেক অ্যারোস্পেস কমান্ডার আমির আলী হাজিজাদেহ এবং মাহমুদ বাঘেরির প্রতিও শ্রদ্ধা জানান ওয়াহিদি। একই সঙ্গে সামরিক বাহিনীর সদস্যদের ইরানের সামরিক সক্ষমতা অবিরামভাবে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
বিডিপ্রতিদিন/কেকে
















মতামত