রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে শুরু হওয়া দুই দিনের ত্রিপক্ষীয় শান্তি আলোচনা শেষ হয়েছে কোনো অগ্রগতি ছাড়াই। প্রায় পাঁচ বছর ধরে চলা এ যুদ্ধ বন্ধে মঙ্গলবার শুরু হওয়া আলোচনায় শেষ পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি পক্ষগুলো।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বৈঠক শেষে মাকিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার জানিয়েছেন, আবুধাবিতে অনুষ্ঠিত আলোচনা কোনো সুস্পষ্ট অগ্রগতি ছাড়াই শেষ হওয়ার পর তিনি এবং ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ মস্কো সফরে যাবেন।
সংবাদ সম্মেলনে কুশনার বলেন, ‘বুধবার যা আলোচনা হয়েছে তা পর্যালোচনা করতে এবং আলোচিত কিছু বিষয়ে আরো অগ্রগতি অর্জনের চেষ্টায় স্টিভ এবং আমি বৃহস্পতিবার (১২ নভেম্বর) মস্কো যাব প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করতে। কারণ আমরা সেখানে কিছু সম্ভাবনা ও সুযোগ দেখতে পাচ্ছি।’
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্প মস্কোর প্রতি বেশ কিছু গুরুত্বপূর্ণ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছেন। এতে ইউরোপীয় দেশগুলোর রাজধানীতে উদ্বেগ তৈরি হয়েছে যে, মার্কিন প্রশাসন হয়তো রাশিয়ার অনুকূলে যায় এমন শর্তে যুদ্ধ শেষ করার জন্য চাপ দিতে পারে।
কুশনার জানান, তিনি এবং উইটকফ মানবিক সহায়তা ও বন্দি বিনিময়ের বিষয়টি চূড়ান্ত করার পাশাপাশি ইউরোপীয় দেশগুলোকে আলোচনায় অন্তর্ভুক্ত করার জন্য কাজ করবেন। তবে মস্কো ত্রিপক্ষীয় আলোচনায় সম্মত হলেও বহুপাক্ষিক কাঠামোর বিরোধিতা করে আসছে।
ট্রাম্প প্রশাসনে কোনো আনুষ্ঠানিক পদে না থেকেও দেশের অন্যতম শীর্ষ কূটনীতিক হিসেবে ভূমিকা পালন করা প্রেসিডেন্টের এই জামাতা আরো বলেন, তিনি এবং উইটকফ ডাবলিন সফরে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও দেখা করবেন এবং আবুধাবি আলোচনার প্রস্তাবগুলো নিয়ে কথা বলবেন।
বুধবারের আলোচনায় রাশিয়ার শীর্ষ আলোচক ভ্লাদিমির মেদিনস্কি মস্কোর দাবিগুলো পরিবর্তনের বিষয়ে তেমন কোনো ইঙ্গিত দেননি। মেদিনস্কি বলেন, ‘কিছু ক্ষেত্রে আমরা পারস্পরিক সমঝোতায় পৌঁছেছি। অন্য কিছু ক্ষেত্রে পৌঁছাতে পারিনি। নিঃসন্দেহে এই আলোচনা চলতে থাকবে।’
আলোচনা আয়োজনের জন্য যুক্তরাষ্ট্রের প্রশংসা করে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, এর ফলে নতুন বন্দি বিনিময়ের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ মানবিক সমঝোতা হয়েছে।
টেলিগ্রামে জেলেনস্কি লিখেছেন, ‘পক্ষগুলো নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে মতবিনিময় করেছে এবং প্রথম পদক্ষেপ অবশ্যই এই যুদ্ধের অবসান ও ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করা। আমরা ইউরোপীয় অংশীদারদের অন্তর্ভুক্ত করে পরবর্তী কাজের আরো বিস্তৃত কাঠামো নিয়ে আলোচনা করেছি।’
ইউক্রেনের বৈদেশিক গোয়েন্দা প্রধান ও শীর্ষ আলোচক রুস্তেম উমেরভ নিরাপত্তার বিষয়সহ কিছু ক্ষেত্রে অগ্রগতির কথা উল্লেখ করলেও বলেন যে, এখনো বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে।
ইউক্রেনের আরেক আলোচক ডেভিড আরাখামিয়া বলেন, রাশিয়া স্পষ্টতই অত্যন্ত কঠোর নির্দেশনা নিয়ে আলোচনায় এসেছিল। আরাখামিয়া আরো যোগ করেন, ‘আমি ২০২২ সাল থেকে এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আছি এবং নির্দ্বিধায় বলতে পারি যে এটি ছিল অন্যতম কঠিন আলোচনা।’
ইউরোপীয় কর্মকর্তারাও চলতি সপ্তাহে ইউক্রেনীয় ও মার্কিন আলোচকদের সঙ্গে পৃথক বৈঠকে অংশ নিতে আবুধাবিতে উপস্থিত ছিলেন। গত সপ্তাহে ট্রাম্প ইউক্রেনের জন্য একটি নতুন নিরাপত্তা চুক্তির ইঙ্গিত দিয়ে বলেছিলেন যে এতে ‘পুরো ইউরোপ অন্তর্ভুক্ত হতে পারে’; তার এই মন্তব্যকে কাজে লাগিয়ে ইউরোপীয় কর্মকর্তারা শান্তি আলোচনায় আরো বড় ভূমিকার দাবি পুনর্ব্যক্ত করেন।
তবে আবুধাবিতে ইউরোপীয় কর্মকর্তাদের উপস্থিতির সমালোচনা করে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, তাদের এই সম্পৃক্ততা কোনো আশাব্যঞ্জক পন্থা নয়। আবুধাবিতে রুশ ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের মধ্যে কোনো যোগাযোগ হয়েছে কিনা জানতে চাইলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘এমন কোনো যোগাযোগের পরিকল্পনা ছিল না এবং তা হয়ওনি।’
তবে মঙ্গলবার প্যারিসে জি-৭ বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, মার্কিন প্রশাসনের লক্ষ্য হলো ভবিষ্যতের আলোচনাকে সম্প্রসারিত করা যাতে ইউরোপীয়রা সরাসরি সেই টেবিলে প্রতিনিধিত্ব করতে পারে। ইউক্রেন দীর্ঘদিন ধরেই যুক্তি দিয়ে আসছে যে মূল আলোচনার টেবিলে ইউরোপের থাকা উচিত। বুধবার জেলেনস্কি বলেন, ‘আমরা বিশ্বাস করি যে কার্যকর কূটনীতির প্রতিটি পর্যায়ে ইউরোপের প্রতিনিধিত্ব থাকা আবশ্যক।’
সূত্র: সিএনএন


















মতামত